রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১ আগস্ট থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ২২ আগস্ট পর্যন্ত চলে। তিনটি গ্রুপে মোট ১৩ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন। প্রথম ধাপের অনলাইন এমসিকিউ পরীক্ষার পর ৬৩৫ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (এমপি)। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক শামছুল আলম এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস ও ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আবাবিল হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ বর্তমান ও সাবেক অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষাবিদ, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।