আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবার বিএনপির হাত ধরেই পথ খুঁজে পেয়েছে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশ হিসেবে কিছুদিন আগে আবারও বিএনপি দেশের দায়িত্ব নিয়েছে। গাইবান্ধার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। সুষম বণ্টনের ভিত্তিতে দেশের প্রতিটি জেলার উন্নয়ন করা হবে।
মীর শাহে আলম বলেন, সরকারি কোনো লাভজনক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ছাদে সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাদ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্টদের নিজস্ব চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ৬০ হাজার কোটি টাকা ঋণের বোঝা আমাদের মাথায়। বিগত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুনাফা ও ঋণসহ মোট ২৫ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।