অনলাইন ডেস্ক, ০২ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার নিজ আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন সাজ্জাত আলী। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন।
২০২৪ সালের ২০ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলী দুই বছরের মেয়াদে চুক্তিভিত্তিক ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান।
ডিএমপি কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। এই তথ্য ২৬ ফেব্রুয়ারি নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।