প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৬৩ দলের সঙ্গে আজ বৈঠকে বসছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অ্যাপ ও নির্বাচনসংক্রান্ত নানা বিষয় নিয়ে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ।
বাসস জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি, ব্যবহারিক দিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে বিকাল ৩টায় সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে আজ সকাল থেকেই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টার পর মোট কতটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হবে।