সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংসদে পাসকৃত কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি আইন দূরবিসন্ধিমূলক। দীর্ঘদিনের মীমাংসিত সম্পত্তি আইনকে নতুন করে সংসদে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সরকারের মধ্যে পশ্চিমা দালাল রয়েছে, যারা বাংলাদেশের সামাজিক সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় লিপ্ত।
তিনি আরও বলেন, সরকার দেশের তেল-গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন পাস করে সরকার রাষ্ট্রকে আরও অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, এভাবে চলতে থাকলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অবিলম্বে কুরআন-সুন্নাহবিরোধী ও বিতর্কিত সম্পত্তি আইন বাতিলের দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, “মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করে জনগণের ওপর কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না।” তিনি বিতর্কিত সম্পত্তি আইন বাতিলের দাবি জানিয়ে সরকারের প্রতি জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী ও মাওলানা শামসুল আলম, নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসউদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী ও মাওলানা আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিসের কেন্দ্রীয় আমেলার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক মজলিসের সহ-সভাপতি আবুল কালাম এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।