রাজশাহী, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান মিনু। তিনি ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেখানে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। এতে সাধারণ মানুষ কম সময় ও কম ভোগান্তিতে কাঙ্ক্ষিত সেবা পাবেন।
এছাড়া রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি সেক্টরসহ উত্তরের শিল্পঘন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।