মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী এবং বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ রুটের ট্রেন চলাচল।
দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। তবে দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, বুধবার রাত ৯টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যে লাইনচ্যুত হয়ে ছয়টি ওয়াগন উল্টে যায়। এতে ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়ে, যা স্থানীয়রা সংগ্রহ করার চেষ্টা করেন। পরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস জনসাধারণকে সরিয়ে ওয়াগনগুলো নিরাপদ করে।
বিজিবি উদ্ধার করে ১ হাজার লিটার তেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রত্যেক ওয়াগনে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল ছিল বলে জানানো হয়েছে।
পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্র জানায়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।