ইরানের চাবাহার বন্দরের নৌ-পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংসের পর মার্কিন প্রতিরক্ষা সচিব (যুদ্ধমন্ত্রী) পিট হেগসেথের দম্ভভরে দেওয়া টুইটের জবাবে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় বাঘাই মার্কিন প্রতিরক্ষা সচিবের এই আচরণকে একটি “বর্বরোচিত যুদ্ধাপরাধের প্রকাশ্য উদযাপন” হিসেবে আখ্যায়িত করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড চাবাহারের শহীদ কালান্তারি বন্দরের এই নজরদারি টাওয়ারটি ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস করার দাবি করার পর, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তার এক্স হ্যান্ডেলে টাওয়ারটি ভেঙে পড়ার একটি ছবি শেয়ার করেন।
এর পরিপ্রেক্ষিতে ইসমাইল বাঘাই তার বার্তায় উল্লেখ করেন যে, জেলেরা ব্যবহার করে এমন একটি সম্পূর্ণ বেসামরিক নৌ-নিয়ন্ত্রণ অবকাঠামোকে গুঁড়িয়ে দিয়ে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে পেন্টাগন তাদের তথাকথিত সামরিক “শক্তি” প্রদর্শন করতে চাইছে।
তিনি আরও বলেন, যারা অনবরত মানবাধিকারের সবক দেয়, অথচ হাসপাতাল ও বন্দর অবকাঠামো ধ্বংসের মতো যুদ্ধাপরাধের ঘটনাকে উল্লাসের সাথে প্রচার করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের সমস্ত নৈতিক গ্রহণযোগ্যতা আগেই নষ্ট হয়ে গেছে।