মিসরের কায়রোতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুদিনের এক আনুষ্ঠানিক সফরে মাহমুদ আব্বাস মিসর পৌঁছালে কায়রোর আল-ইত্তিহাদিয়া প্রাসাদে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকে মিশরের প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি কায়রোর অব্যাহত সমর্থন প্রকাশ করেন, মিসরের প্রেসিডেন্ট সিসি ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি বা বিতাড়নের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। তিনি একে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানান।
গাজায় চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন।
মাহমুদ আব্বাস জোর দিয়ে বলেন যে, গাজা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে গাজাকে কোনোভাবেই আলাদা করা যাবে না।
আবদুল ফাত্তাহ আল-সিসি পুনর্ব্যক্ত করেন যে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।