লন্ডনের মেয়র সাদিক খান চ্যানেল ৪ নিউজকে দেওয়া এক কঠোর ও স্পষ্ট সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্রিটিশ রাজধানীতে সম্পূর্ণ ‘অবাঞ্ছিত’। গাজায় অব্যাহত সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, যারা গণহত্যা চালায়, লন্ডনে তাদের কোনো ধরনের স্বাগত জানানো হবে না।
সাক্ষাৎকারে মেয়র সাদিক খান আরও জানান, নেতানিয়াহু যদি কখনো যুক্তরাজ্যে প্রবেশ করেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যেন ব্রিটিশ সরকার অবিলম্বে কার্যকর করে, সেজন্য তিনি সরকারের ওপর সর্বোচ্চ রাজনৈতিক চাপ সৃষ্টি করবেন এবং জোর লবিং চালাবেন। তাঁর মতে, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে গিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের কড়া অবস্থান বিশ্ব রাজনীতির মোড় ঘুড়িয়ে দিতে পারে। বিশেষ করে যুক্তরাজ্য-এর মতো প্রভাবশালী রাষ্ট্রে আইসিসির পরোয়ানা কার্যকরের দাবি তুলে সাদিক খান বিশ্বজুড়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে জোরালো বার্তা দিয়েছেন। গাজায় সাধারণ মানুষের ওপর চলা নিপীড়নের প্রতিবাদে যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতেও এই মন্তব্যের বড় ধরনের প্রভাব পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।