ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) গ্রেটার তেহরান অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ শত্রুর বিরুদ্ধে দেশের সামরিক সক্ষমতা এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই হুঁশিয়ারি ব্যক্ত করেছেন।
সাম্প্রতিক সময়ে এক সামরিক মহড়ায় বিশেষ অপারেশন টিমের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি ইরানের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন। জেনারেল হাসানজাদেহ স্পষ্ট করে জানান যে, ইরান এখন শুধু রক্ষণাত্মক বা আত্মরক্ষামূলক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নেই।
তিনি জানান, ইরান ইতিমধ্যেই রক্ষণাত্মক এবং বিমান প্রতিরক্ষা মোকাবিলার স্তর পার করে এসেছে। বর্তমানে দেশের সশস্ত্র বাহিনী যেকোনো মুহূর্তে এবং দেশের যেকোনো প্রান্ত থেকে শত্রুর বিরুদ্ধে অত্যন্ত দ্রুততার সাথে বিধ্বংসী আক্রমণাত্মক অপারেশন পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
আমেরিকা ও ইসরায়েলের মতো প্রতিপক্ষ শক্তিগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা একসময় ভেবেছিল ইরান দ্রুত ভেঙে পড়বে, তারা এখন পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চলে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি -এর আকাশ ও নৌবাহিনীর শক্তির সামনে অবরুদ্ধ ও চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
জেনারেল হাসানজাদেহ জোর দিয়ে বলেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌপ্রযুক্তি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং অত্যন্ত শক্তিশালী। তবে শুধুমাত্র যুদ্ধ সরঞ্জাম নয়, বরং সেনাদের দৃঢ় বিশ্বাস, আত্মত্যাগ ও ঐশ্বরিক সহায়তার ওপর ভর করেই ইরান আজ বিশ্বের অন্যতম শীর্ষ প্রধান শক্তিতে পরিণত হয়েছে।