ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক
আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশগ্রহণ করেন।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই বাস্তবায়ন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তরুণদের কল্যাণে, সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ৬(ক) তে উল্লিখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’- বিষয়টির সাথে সকল দল একমত পোষণ করে জুলাই সনদে স্বাক্ষর করলেও বিরোধী দল বর্তমান সময়ে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কমিটি জানায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক। তরুণরা জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সরকারের উপর আস্থা রেখে বৈঠকে সহমত পোষণ করে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।