ইরানের দূতাবাস ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানকে তীব্র সমালোচনা
ভিয়েনা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬
ইরানের দূতাবাস অস্ট্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস-এর হরমুজ প্রণালী সংকট সংক্রান্ত মন্তব্যকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা অভিযোগ করেছে, কালাস ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কালাস চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালীতে টোলমুক্ত নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারকে জরুরি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ইরানের বেসামরিক জাহাজে হামলার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
এর জবাবে ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টে কালাসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দেয়। তারা উল্লেখ করে, ইউরোপীয় ইউনিয়নের নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলা উপেক্ষা করে ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপের সমালোচনা করছেন।
দূতাবাস আইনি ভিত্তিতেও কালাসের বক্তব্যকে চ্যালেঞ্জ করে বলে, তিনি ইরানকে জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস) মেনে চলার আহ্বান জানালেও ইরান এই চুক্তির সদস্য নয়—এ বিষয়টি তিনি উপেক্ষা করেছেন।
দূতাবাসের তীব্র ভাষায় বলা হয়েছে, “তার আশেপাশে কেমন উপদেষ্টা আছেন? একদল মেরুদণ্ডহীন ‘হ্যাঁ-মানুষ’, যারা ট্রাম্পের চারপাশের তোষামোদকারীদের মতোই।”
এছাড়া ইরান দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলেছে, কিন্তু তাদের ‘শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে’।