ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
দৌলতদিয়া (রাজবাড়ী), ৫ জানুয়ারি
ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক করে।
এর আগে রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
শীতের রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক ও সহকারীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল বেশি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘন কুয়াশার কারণে রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কমে গেলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।”
ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।