স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে আপ বাংলাদেশের বিক্ষোভে নাঈম আহমাদ বলেন, আইনশৃঙ্খলার উন্নতি না করে দেশকে খুনোখুনির পথে ঠেলা হচ্ছে
ঢাকা, বাংলাদেশ — ৮ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেছেন, ড. ইউনুসের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে দেশকে অন্ধকার চোরাবালির দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবর্তে তারা এমন এক খুনোখুনির পথ প্রশস্ত করছে, যেন হরর সিনেমার স্ক্রিপ্ট বাস্তবায়ন হচ্ছে।”
বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আপ বাংলাদেশের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নাঈম আহমাদ বলেন, “গত এক বছরে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ অন্তত সাড়ে তিন শত মানুষ সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। হাসিনাবিহীন বাংলাদেশে এ ধরনের খুনোখুনির ঘটনা চরম হতাশাজনক। সাধারণত এমন দৃশ্য হরর মুভিতেই দেখা যায়।”
তিনি আরও বলেন, “গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় দলে আর কোন খুনোখুনি হবে না—এমন প্রত্যাশা আমরা রাখতে চাই। কিন্তু মুসাব্বির হত্যার বিচারে তারেক রহমানের ভূমিকা আশানুরূপ নয়।”
নাঈম আহমাদ অভিযোগ করেন, “নিজ দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে না পারলে ২০ কোটি মানুষের জীবন রক্ষা কিভাবে সম্ভব? দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় বিএনপি উদাসীন থাকলে আমাদের মনে হবে, নেতাকর্মীদের জানমাল রক্ষা করতে তারা ব্যর্থ।”
তিনি আরও সতর্ক করেছেন, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এবং বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি সংকটে পতিত হবে। তাই, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা, কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।