ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান
ঢাকা, বাংলাদেশ — ১৭ জানুয়ারি ২০২৬
শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেইমে’ গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, স্বজনহারা পরিবারগুলোর সদস্যরা দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে বছরের পর বছর গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েননি।
তারেক রহমান বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কিছুটা স্তিমিত হয়েছে, আবার কখনো তুঙ্গে উঠেছে। কিন্তু সংগ্রামের পথ থেকে বিএনপি কখনো সরে যায়নি। একই পরিবারের এক ভাই গুম হওয়ার পর আরেক ভাই পরদিনই রাজপথে নেমে আন্দোলন আরও তীব্র করার শপথ নিয়েছেন—এমন অসংখ্য নজির রয়েছে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয়ে আত্মগোপন করেননি। অন্যায়ের বিরুদ্ধে তারা প্রকাশ্য ও আপসহীন অবস্থান নিয়েছেন।
তিনি বলেন,
‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।’
মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারম্যনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরীসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।