দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি রেকার
ঢাকা, বাংলাদেশ — ১৭ জানুয়ারি ২০২৬
রাজধানী ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় দুই দিনব্যাপী অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
অভিযানে ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা করা হয়।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ডভ্যান, ১৭৪টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১ হাজার ৩৯৭টি মামলা দেওয়া হয়।
এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৩০৫টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৩টি এবং ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫১টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-রমনা বিভাগে ১৯৮টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪৭টি মামলা করা হয়।
অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।