শাবান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২ বা ৩ ফেব্রুয়ারি শবেবরাত পালিত হতে পারে
ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬
দেশে পবিত্র শবেবরাত কবে পালিত হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও অবহিত করতে বলা হয়েছে।
ইসলামি বিধান অনুযায়ী, শাবান মাসের ১৫তম রাত অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হয়। এই রাতকে মুসলমানরা ভাগ্য নির্ধারণের রজনী হিসেবে পালন করে থাকেন।
শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং সে ক্ষেত্রে পবিত্র শবেবরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
অন্যদিকে, চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে পবিত্র শবেবরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।