ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়, কারণ দীর্ঘ সময় একই প্রতিষ্ঠানে থাকার ফলে সৃজনশীলতা কমে যায় এবং মানসিক ধ্যান-ধারণা পুরোনো হয়ে পড়ে। তিনি উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দিয়েছেন।
বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। তিনি অনুষ্ঠানে ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।
ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ প্রতিষ্ঠানে পুরোনো ধ্যান-ধারণা নিয়ে বসে থাকে।
তিনি সকলকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করা ধারণা একটি ভুল এবং এটি একটি দাসপ্রথার অংশ। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে হবে।
প্রধান উপদেষ্টা আরও মন্তব্য করেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে। তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।