ঢাকা | ২৯ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় করে উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
তিনি দাবি করেন, তরুণ প্রজন্মের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। অন্যদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে আমিনুল হক বলেন, তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলটি সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমেই সব ষড়যন্ত্রের জবাব দেবে এবং ধানের শীষকে বিজয়ী করবে—এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণসংযোগকালে মিরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা আমিনুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।