রাজশাহী | ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে আসায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন এবং বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া খাল খনন কর্মসূচি এবং দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে গৃহীত বৃহৎ সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল।
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, পদ্মা নদীকে কেন্দ্র করে প্রায় এক হাজার কোটি টাকা বাজেটের যে বিশাল সেচ প্রকল্প ছিল, তা গত ১৬ বছরে পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই ঐতিহাসিক প্রকল্প পূর্ণ শক্তিতে পুনরায় চালু করা হবে।
উত্তরবঙ্গের কৃষকদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, এই সেচ সুবিধা শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে না। রাজশাহী থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত কৃষকরা এই প্রকল্পের সুফল পাবেন।
তিনি বলেন, উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। আমরা চাই উত্তরাঞ্চলের প্রতিটি প্রান্তরে সেচের পানি পৌঁছে যাক।
তারেক রহমান আরও বলেন, দেশের সব নারীর জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি সব কৃষকের জন্য একটি করে কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষিঋণ, সার, বীজসহ সব কৃষি উপকরণ সহজে সরবরাহ করা হবে।
রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।
সমাবেশে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, হারুন-উর-রশীদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু সাইদ চাঁদসহ দলের শীর্ষ নেতারা।