সন্দ্বীপ (চট্টগ্রাম) | ২৯ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সন্দ্বীপের উপকূলীয় এলাকা ও বিচ্ছিন্ন দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল) জানান, সন্দ্বীপের বিশেষ ভৌগোলিক অবস্থান বিবেচনায় সেখানে ৩৫৩ জন দক্ষ কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, সন্দ্বীপের মূল ভূখণ্ডের পাশাপাশি চারপাশের নদীপথ ও বিচ্ছিন্ন চরগুলোর ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে এই সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ বিশেষ মোতায়েন কার্যক্রম চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা মূলত জলপথনির্ভর হওয়ায় নির্বাচনি সরঞ্জাম পরিবহন এবং ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কোস্ট গার্ডের শক্তিশালী টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে। বিশেষ করে দুর্গম ও স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হতে পারে।
প্রেস ব্রিফিংয়ে রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেন,
“সন্দ্বীপের মতো উপকূলীয় এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। ভোটাররা যেন ভয়ভীতিহীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ এবং গণভোটে মতামত দিতে পারেন, সে জন্য কোস্ট গার্ডকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো।”
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার আয়োজিত একই দিনের গণভোটকে কেন্দ্র করে সন্দ্বীপবাসীর মধ্যে যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, তা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কোস্ট গার্ড।
এছাড়া নদীপথে যেকোনো অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা বিশৃঙ্খলা রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা শাখা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।