আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে আসেন।
মাঠটি তুলনামূলকভাবে নিচু হওয়ায় বৃষ্টির সময় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা নিয়মিত খেলাধুলা ও বড় পরিসরের ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা। বিশেষ করে ক্রিকেটসহ অন্যান্য আউটডোর খেলায় মাঠের ব্যবহারযোগ্যতা মারাত্মকভাবে ব্যাহত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইঞ্জিনিয়ার যৌথভাবে মাঠের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তারা মাঠের উচ্চতা, ড্রেনেজ ব্যবস্থা, মাটি ও ঘাসের অবস্থা এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রকৌশলীরা মাঠ উঁচু করা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানসম্মত ক্রীড়া মাঠে রূপান্তরের সম্ভাব্য কারিগরি দিকগুলো পর্যালোচনার কথা বলেছেন। আশা করা হচ্ছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, টেকসই ও বহুমুখী ক্রীড়া মাঠ নিশ্চিত করা সম্ভব হবে।