প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামের সন্দ্বীপে দেশি আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম, একটি একনলা বন্দুক ও তাজা কার্তুজসহ দুই কারিগরকে আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও নৌবাহিনীর একটি যৌথ টিম উপজেলার আমানউল্লাহ বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানকালে কারখানা থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই কারিগরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আমানউল্লাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাঈন উদ্দিনের ছেলে মো. রাসেদ (৪০) এবং রাহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে আকবর (৪৩)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্দেহজনক গতিবিধির তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় দুর্গম চরাঞ্চল হওয়ায় এসব এলাকায় দীর্ঘদিন ধরে ছোটখাটো কারিগরি ওয়ার্কশপের আড়ালে অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রম চলেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের কারণে সাম্প্রতিক সময়ে এ ধরনের কর্মকাণ্ড তুলনামূলকভাবে কমে এসেছে।