আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
জনসভা উপলক্ষে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন রামপুরা, বাড্ডা ও ভাটারার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা।
মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সবার কণ্ঠে ছিল শাপলা কলির স্লোগান, ছিল বিজয়ের দৃঢ় প্রত্যয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের হাতে দায়িত্ব তুলে দেয়ার ঘোষণা দেন তিনি।
জনসভার সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি ঢাকা-১১ আসনের উন্নয়ন, নাগরিক অধিকার, সুশাসন এবং তরুণ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই হবে তার অগ্রাধিকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোঃ কুতুব উদ্দিন ও নাহিদ ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট মুজাহিদুল ইসলাম শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানসহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ।