ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের গেইটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি মামলার তদন্তে ত্রুটি থাকায় আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।
এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বাড়ানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মামলাটির তদন্ত শেষে সাবেক অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান গত ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে তদন্তে কিছু ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় পুলিশ প্রবিধান ৪৪৪ বিধি অনুযায়ী বিষয়টি পুনরায় পর্যালোচনার প্রয়োজন দেখা দেয়।
ডকেট প্রাপ্তির পর মামলার ত্রুটি-বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়। মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের স্বার্থে তদন্তের সময়সীমা বৃদ্ধি একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে বর্তমানে ১৩ জন কারাগারে রয়েছেন এবং ৮ জন পলাতক।