চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধূরী এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায়ে বিপুল বিজয় লাভ করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে দেশবাসী তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে উন্নয়নমুখী ও উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জনগণের সামনে উপস্থাপন করেছে, তা-ই এ বিজয়ের মূল শক্তি।
ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষার আধুনিকায়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে। বিশেষত উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিবৃতিতে আরও বলা হয়, দলমত নির্বিশেষে সব নাগরিকের অধিকার সংরক্ষণ ও দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করবে। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গঠনমূলক ভূমিকা পালন করবে।