নিজ বাড়ির কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আদনান ইব্রাহীমের মরদেহ
ফতুল্লা (নারায়ণগঞ্জ) | ০৫ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভোরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ আদনান ইব্রাহীমের নিজ বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আদনান ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী আদনান ইব্রাহীম মাদকাসক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন আদনান। বৃহস্পতিবার ভোরে সেহরির সময় তাকে ডাকতে গেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।