ঢাকা, বাংলাদেশ | ১৪ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ জানান, গত শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে এসব যাত্রী ঢাকায় পৌঁছান। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং নিরাপদে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হয়।
ফিরে আসা যাত্রীদের মধ্যে কাতারে ট্রানজিটে আটকে পড়া যাত্রী ছাড়াও বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মী ছিলেন।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বহু বাংলাদেশি কাতারে আটকা পড়েছিলেন। পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষ ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে তাদের ফেরানোর জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
এর আগে ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় দূতাবাস জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। এছাড়া দেশে ফিরতে আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করেছে। এখানে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।