লিভারপুল | ১৬ মার্চ ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শেষ মুহূর্তে গোল হজম করে ১–১ গোলে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ড্র করেছে। ফলে ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট নিতে পারেনি অলরেডরা।
রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ছিল লিভারপুলের দাপটেই। ১৮ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন দমিনিক সোবোসলাই। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া শটটি টটেনহ্যাম গোলরক্ষকের হাতে লাগলেও শেষ পর্যন্ত জালে জড়িয়ে যায়।
এই গোলের মাধ্যমে প্রায় এক মাসের গোলখরা কাটান সোবোসলাই। চলতি মৌসুমে ফ্রি-কিক থেকে এটি তার পঞ্চম গোল, যা লিভারপুলের হয়ে এক মৌসুমে ফ্রি-কিকে করা লুইস সুয়ারেজের গোলসংখ্যার সমান।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে টটেনহ্যাম। লিভারপুলের মাঠে একের পর এক আক্রমণ করলেও নির্ধারিত সময়ের প্রায় পুরোটা জুড়েই গোলের দেখা পায়নি তারা।
শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের শেষ মিনিটে ডি-বক্সের ভেতর সতীর্থের ছোট পাস পেয়ে নিখুঁত প্লেসিং শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। তার ওই গোলেই সমতায় ফেরে টটেনহ্যাম এবং নিশ্চিত হয় ১–১ গোলের ড্র।
এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকল লিভারপুল। ৩০ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্র নিয়ে ৪৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে ৩০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার।