বার্সেলোনা | ১৬ মার্চ ২০২৬
লা লিগায় বার্সেলোনা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেভিয়াকে ৫–২ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। কাতালান ক্লাবের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া হ্যাটট্রিক করেন।
কাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। নবম মিনিটে ডি-বক্সে জোয়াও কানসেলোকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।
২১তম মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কানসেলোর শট সেভিয়ার ডিফেন্ডার জোয়াও কার্মোনার হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দ্বিতীয়বারও সুযোগ নষ্ট করেননি রাফিনিয়া, ব্যবধান বাড়ান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল পায় বার্সেলোনা। ৩৮তম মিনিটে সেভিয়ার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে গোল করেন দানি ওলমো। তবে ইনজুরি সময়ে একটি গোল শোধ করে সেভিয়া, ভলিতে দারুণ শটে জাল খুঁজে নেন হুয়ানলু সানচেজ।
বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৫১তম মিনিটে রাফিনিয়া হ্যাটট্রিক পূর্ণ করেন। ফারমিন লোপেজের তৈরি করা সুযোগে তার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে যায়।
৬০তম মিনিটে একক নৈপুণ্যে গোল করেন জোয়াও কানসেলো। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে শক্তিশালী শটে গোল করে ব্যবধান আরও বাড়ান। শেষ দিকে একটি সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডোভস্কি। ইনজুরি সময়ে জিব্রিল সু একটি গোল করেন, তবে ব্যবধান কমানো ছাড়া সেভিয়া আর কিছু করতে পারেনি।
এই জয়ের ফলে ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে সেভিয়া।