স্পোর্টস ডেস্ক | প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে নাসিম শাহের সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য তাকে বিপাকে ফেলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে একটি মন্তব্য সামাজিক মাধ্যমে শেয়ার করার পর পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহের বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী ম্যাচে উপস্থিত মরিয়ম নওয়াজের এক ভিডিও নিজের সাবেক টুইটার (এক্স) অ্যাকাউন্টে শেয়ার করে নাসিম শাহ লিখেছিলেন, “কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?”
যদিও তিনি পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন, স্ক্রিনশট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাসিম শাহ দাবি করেছেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে। তবে সমালোচনা থামেনি।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা লঙ্ঘনের কারণে নাসিমকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার জবাব দেবেন, এবং পরবর্তীতে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চলতি পিএসএল শুরুর আগে অনুষ্ঠিত নিলামে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি নাসিমকে ৮৬.৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে দলে ভেড়িয়েছে। আজ দলের প্রথম ম্যাচে তিনি পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও শৃঙ্খলাভঙ্গের বিষয়টি তার খেলা অনিশ্চিত করে দিয়েছে।