চট্টগ্রাম ব্যুরো | প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেছেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে। শুধু বর্তমান নয়, অতিতেও বিএনপি সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাছির জামাল আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথমবার সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছিলেন ঢাকার বুকে। পরে প্রয়াত বেগম খালেদা জিয়া এই ধারাকে অব্যাহত রেখেছিলেন। জাতীয় প্রেস ক্লাবের ভবন গড়ার উদ্যোগও জিয়াউর রহমানের, এবং ২২.৫ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা পল্লবীতে বেগম খালেদা জিয়ার উদ্যোগে করা হয়েছিল।
তিনি বলেন, “বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা সাংবাদিকদের সম্মান ও কল্যাণের দিকে লক্ষ্য রাখে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শুধু অনুদান নয়, প্রবীণ সাংবাদিকদের জন্য পেনশন, অসুস্থ সাংবাদিকদের জন্য হেলথ কার্ড প্রদানের ভাবনা রয়েছে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করবে।”
বাছির জামাল জানান, এই অনুদান অর্থনৈতিকভাবে অস্বচ্ছল সাংবাদিকদের জন্য নয়, বরং যারা পেশাগত ঝুঁকি নিয়ে দেশ সেবায় কাজ করেন তাদের সহায়তার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, ‘আমার দেশ’ চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাসসহ আরও অনেকে।
চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ জন সাংবাদিককে আর্থিক অনুদান ও সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।