স্পোর্টস রিপোর্টার | প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ মার্চ ১২৯ ক্রীড়াবিদকে সম্মাননা ও সংবর্ধনা দেবেন। সরকারের উদ্যোগে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা দেওয়া হচ্ছে।
জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে ঘোষিত খেলাধূলার উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তালিকায় থাকা ক্রীড়াবিদদের মধ্যে রয়েছে:
- এশিয়া আর্চারিতে স্বর্ণপদক জয়ী কম্পাউন্ড পুরুষ দল
- ফুটসাল নারী দল
- বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সুইমিং, ভারোত্তোলন, উশু
- অ্যাথলেট (প্যারা), হুইল চেয়ার বাস্কেটবল, অ্যাথলেটিকস, কারাতে
- সেপাক টাকরো, ব্রিজ, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টন
প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই-বাছাই শেষে এই ১২৯ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী ধাপে ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। বেতন কাঠামোর আওতায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স চার মাস অন্তর মূল্যায়ণ করা হবে। পারফরম্যান্স কম হলে তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে, যারা স্কুল পর্যায়ে খেলাধুলার তদারকি করবেন। এছাড়া এপ্রিলের শেষ দিকে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চালু করা হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এতে অংশ নেবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, খেলার মাঠ সংকট দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খেলাকে পেশায় রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।