বেইরুট, লেবানন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
লেবাননের সশস্ত্র সংগঠন Hezbollah দাবি করেছে, তারা ইসরাইলি সেনাবাহিনী, ট্যাংক ও সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের আইনাতা, মারকাবাহ, কান্তারা, তায়বেহ, কাফারকেলা ও বেইত লিফ এলাকায় অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর রকেট এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরাইলের একাধিক শহর ও সামরিক ঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। কিরিয়াত শমোনা, মেতুলা, নাহারিয়া, সাফাদ, কিরিয়াত আতা, মালিকিয়া, ইভেন মেনাহেম, গা’আতোন, ইয়ারোন, মিসগাভ আম ও বেইত হিলেল এলাকায় রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, কিরিয়াত শমোনা ও সাসা শহরের ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে হাইফার পূর্বাঞ্চলের কিরিয়াত আতা এলাকাও তাদের হামলার আওতায় আসে বলে জানানো হয়। হামলার পর উত্তর ইসরাইলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং অনেক এলাকায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে বলা হয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। মার্চের শুরু থেকে হিজবুল্লাহ ১ হাজারের বেশি হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই সংগঠনটি ৩৮টির বেশি হামলার দাবি করেছে।
এদিকে হিজবুল্লাহর হামলার জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। রাশায়া আল-ফাখার, খিয়াম, নাকৌরা, দেবেল, মারজাউইন ও শেবা এলাকায় ব্যাপক গোলাবর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে।