দক্ষিণ লেবাননে ‘পোড়ামাটি নীতি’; গ্রাম গুঁড়িয়ে সামরিক ঘাঁটি তৈরির অভিযোগ
বৈরুত / তেলআবিব
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬
গাজা উপত্যকার মতোই দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী—এমন অভিযোগ উঠেছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ব্যবহৃত কৌশলই লেবাননেও প্রয়োগ করা হচ্ছে।
প্রতিবেদন
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের সীমান্তঘেঁষা গ্রামগুলোতে ইসরাইলি সেনারা পরিকল্পিতভাবে ঘরবাড়ি ধ্বংস করছে। এক ইসরাইলি সেনা কর্মকর্তা হারেৎজ-কে বলেন, “আমরা ঠিক গাজার মতোই আচরণ করছি। আমাদের কাছে ধ্বংস করার মতো ঘরবাড়ির তালিকা রয়েছে, প্রতিদিন কতগুলো ভবন ধ্বংস করা হচ্ছে—সেটির ওপরই আমাদের সফলতা নির্ভর করছে।”
খবরে বলা হয়, বুলডোজার ব্যবহার করে পুরো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। মূলত নতুন সামরিক আউটপোস্ট বা ঘাঁটি স্থাপনের জন্য জায়গা তৈরি করতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।
একজন সেনা সদস্য জানান, নতুন করে যে স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে, তা দেখে মনে হচ্ছে ইসরাইল ওই এলাকায় দীর্ঘমেয়াদে অবস্থান করার পরিকল্পনা করছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরাইলি বাহিনী ইতোমধ্যে সীমান্ত থেকে তৃতীয় সারির গ্রামগুলোতেও পৌঁছে গেছে এবং বর্তমানে লিতানি নদী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, গাজার আদলে লেবাননেও এ ধরনের ‘পোড়ামাটি নীতি’ প্রয়োগের ফলে অঞ্চলটিতে নতুন করে মানবিক সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র
আল-জাজিরা