প্রেস বিজ্ঞপ্তি
১ মে ২০২৫, শুক্রবার, ঢাকা
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় শ্রম আইনে নির্ধারিত বাৎসরিক ও উৎসব ছুটি থেকেও শ্রমিকরা এখনো বঞ্চিত। বাস্তবতার নিরিখে শ্রমিকদের আট ঘণ্টা কর্মঘণ্টা এখনো কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি।
তিনি আরও বলেন, বিশ্বের সব শ্রমিক ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত হলেও একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে সকল শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে সেই দায়বদ্ধতার প্রতিফলন অনুপস্থিত।
সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পেশা হওয়া উচিত নাগরিক ও শ্রমিকদের সেবা করা,এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের মতো দ্রুত ছুটে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু স্বাধীনতার পর থেকে অধিকাংশ সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাস, খুন ও গুমের মতো কর্মকাণ্ডে জড়িত হয়েছে।
তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর আইন প্রয়োগ এবং শ্রমিকদের জন্য সার্ভিস বই চালুর দাবি জানান।
সভাপতির বক্তব্যে শাহ আব্দুর রহমান বলেন, শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি। একইসঙ্গে সকল পেশাজীবীকে শ্রমিক হিসেবে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত শ্রমজীবী মানুষদের মাঝে ফল আপ্যায়নের আয়োজন করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাসার,শ্রম বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানাসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শ্রমিক নেতা হৃদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।