মা দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সমাজে মায়েদের বহুমাত্রিক চ্যালেঞ্জ, শিশুদের নিরাপত্তা এবং বৃদ্ধ মা-বাবার পরিচর্যায় রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দলের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক রাজিয়া সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমানে একক পরিবারের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তরুণদের তুলনায় বৃদ্ধ মানুষের সংখ্যাও বাড়ছে। ফলে বৃদ্ধ মা-বাবার পরিচর্যা করা দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তিনি বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য রাষ্ট্রীয়ভাবে বিনোদন, হোম কেয়ার, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘমেয়াদি ও পলিসিভিত্তিক সমাধান প্রণয়ন জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মায়েদের জন্য সন্তান প্রতিপালন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মা কর্মক্ষেত্রে যুক্ত থাকায় সন্তানদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কখনো গৃহকর্মী, কখনো ঘরের বাইরে, আবার কখনো নিকট আত্মীয়দের মাধ্যমেও কন্যাশিশুরা হেনস্তার শিকার হচ্ছে, যা মায়েদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। তিনি পরিবারে মূল্যবোধ চর্চা, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মায়েদের প্রতি সামাজিক সম্মান বৃদ্ধির আহ্বান জানান।
এসময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু,নারী নেত্রী ফেরদৌসী আক্তার অপি, রুনা হোসেন, , ইভানা রহমান, রাজিয়া বেগম, আসমা আক্তার জ্যোতি, ইয়াসমিন বুরকা নুর, রাশিদা বেগম, নাজমা আক্তার, কাজী সানিয়া সুলতানা, নীলাদ্রি সারোয়ার, নওফা সহ আরো অনেকে ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মা দিবসকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিবার ও সমাজে মায়েদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।