ব্রিটিশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে, নিরাপত্তা, প্রতিরক্ষা, জ্বালানি এবং অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যে লন্ডনে অনুষ্ঠিতব্য এক বৈঠকে এই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তিতে নতুন প্রজন্মের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে ড্রোন যুদ্ধ, সাইবার নিরাপত্তা এবং উত্তর ও পূর্ব ইউরোপে সামুদ্রিক সহযোগিতা পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। যৌথ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা, সীমান্ত রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশ যৌথভাবে কাজ করবে।
বিশ্লেষকদের মতে মূলত রাশিয়ার পক্ষ থেকে আসা বিভিন্ন হাইব্রিড ও নিরাপত্তা হুমকি থেকে ইউরোপকে সুরক্ষিত রাখাই এই চুক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য।