ইতালির প্রসিকিউটর অফিস, গাজাগামী মানবিক সাহায্যবাহী নৌবহরের (ফ্লোটিলা) আন্তর্জাতিক কর্মীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
রোমের প্রসিকিউটর অফিস এই তদন্তে প্রধানত নির্যাতন এবং অপহরণ বা বেআইনি আটকে রাখার মতো গুরুতর বিষয়গুলোর ওপর জোর দিচ্ছে। আটক হওয়া প্রায় ৪৩০ জন কর্মীর মধ্যে বেশ কয়েকজন ইতালীয় নাগরিকও ছিলেন।
আন্দোলনকারী এবং তাদের আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আটকের সময় তাদের ওপর লাঠিচার্জ, টেসার গান এবং রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, যার ফলে অনেকের পাঁজর ভেঙে গেছে ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
ইতালির এই তদন্তের প্রতিক্রিয়ায় বেন-গভির অত্যন্ত কড়া জবাব দিয়ে বলেছেন, আমি কোনো তদন্তের পরোয়া করি না এবং আমাদের যোদ্ধাদের পাশে গর্বের সাথে দাঁড়িয়ে যাব।