যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ১৪০ জনেরও বেশি সংসদ সদস্য (এমপি) অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে লেবার পার্টির এমপিরা ইসরায়েলি বসতিগুলোর সাথে যুক্তরাজ্যের সব ধরনের বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে তোলা ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধের দাবি জানানো হয়েছে।
এমপিরা চিঠিতে উল্লেখ করেছেন যে, কতিপয় উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী বা ব্যক্তির ওপর এককভাবে নিষেধাজ্ঞা দেওয়াই যথেষ্ট নয়; বরং ইসরায়েল সরকারের রাষ্ট্রীয় নীতি ও নৃশংসতার বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।