স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২০:১২
চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে যানবাহন চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ জুন) থেকেই নতুন নির্দেশনা কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় বহিরাগত ব্যক্তি ও সাধারণ যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার আওতাভুক্ত যানবাহন প্রবেশের অনুমতি পাবে।
জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান (ফুড ডেলিভারি), অনলাইন শপিংয়ের ডেলিভারি ভেহিকেল এবং অন্যান্য সরকারি যানবাহন। এসব যানবাহন নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বাইরে থাকবে।
এদিকে, ক্যাম্পাসের ভেতরে সাধারণ গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী পুনর্মূল্যায়ন করা হতে পারে। একই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।