ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যতগুলো সরকার দেশ শাসন করেছেন তারা প্রত্যেকেই উন্নয়নের ক্ষেত্রে নীতি ভ্রষ্টতার শিকার হয়েছে। দুর্নীতি ও অদক্ষতা তো ছিলোই। তারই ফলে দেশ আজ ডুবতে বসেছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে। বর্তমান সরকারকে বলবো, বাংলাদেশের ভূ-প্রকৃতি বিবেচনায় নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা করে উন্নয়নের চিন্তা করুন।
আজ ১৩ জুলাই, সোমবার ফরিদপুরের ভাঙ্গারাস্তার মোড়ে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন।
জেলা সভাপতি মুফতি মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে পীর সাহেব চরমোনাই বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা অকল্পনীয়। মানুষের ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে দায়িত্ব নিতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, বন্যা প্রাকৃতিক বিষয়। তবে বন্যার ক্ষয়-ক্ষতির পরিমান নির্ভর করে মানুষের কর্মকাণ্ডের ওপরে। বাংলাদেশ বৃষ্টিপ্রবণ দেশ। ভাটির দেশ। এখানকার সকল উন্নয়ন পরিকল্পনায় এই সত্য মাথায় রাখা দরকার ছিলো। কিন্তু স্বাধীনতার পরে ক্ষমতায় আসা কোন সরকারই এই সত্য মাথায় রাখে নাই। স্বাধীনতার সময় আমাদের নদীপথ ছিলো ২৪ হাজার কিলোমিটার আর এখন বর্ষা মৌসুমেও তা থাকে মাত্র ২৪০০ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রামসহ দেশের শহরগুলোর ভেতরে প্রবাহিত খাল ও নদী দখল করে ভরাট করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। যথেষ্ট ড্রেনেজ সিস্টেম গড়ে ওঠে নাই, ড্রেনগুলোকে পরিস্কার করা হয় না। ফলে একটু ভারি বৃষ্টি হলেই শহরগুলো তলিয়ে যায়। এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য উন্নয়নের চিন্তাভিত্তি বদলাতে হবে। এই দেশের বাস্তবতাকে ভিত্তি করে উন্নয়ন করতে হবে। আন্তর্জাতিক নদীগুলোর পানি সমস্যা নিরসনে দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা করতে হবে।
জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ।
সম্মেলনে মুফতি মোস্তফা কামালকে সভাপতি ও
হাফেজ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।