আজ আইনমন্ত্রী বলেন, জনগণের করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা সরকারের অন্যতম অঙ্গীকার এবং জনগণের অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে জনগণের কল্যাণে বরাদ্দকৃত অনেক অর্থ যথাযথভাবে ব্যয় না হয়ে দুর্নীতি ও অনিয়মের কারণে কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকতো। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। অতীতে উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।