ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে মঞ্জু রিজভী ও আলালের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় দুই দলের নেতৃবৃন্দের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ এবং জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় হয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা প্রতিষ্ঠা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গীকার। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী ও দমনমূলক রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য।
তিনি বলেন, ক্ষমতার পালাবদলই গণতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য নয়,জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়াই গণতান্ত্রিক রাজনীতির মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে জনগণের অধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঞ্জু আরও বলেন, বাংলাদেশকে আর কোনো ব্যক্তি, দলের একক কর্তৃত্বের রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের কাছেই জবাবদিহি করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালীকরণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, কেন্দ্রীয় নেতা মোহসীনুল হক চৌধুরী ও প্রবাসী নেতা নুরুন্নবী নয়ন।