আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ঢাকা–রংপুর লংমার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে লংমার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, মহানগরীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সাত্তার শাহ, বিশিষ্ট শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, জামায়াত নেতা বেলাল, কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।