পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ পাঁচদফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেটসহ মোট পাঁচটি পয়েন্টে একযোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সে আদেশের ওপর গণভোট আয়োজনের দাবি জানান। পাশাপাশি তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি জহুরুল হক, সদর উপজেলা আমীর নুরুল ইসলাম মণ্ডল, পৌর আমীর এ.কে.এম. ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদৌসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইসলামপ্রেমী জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।