শিবিরের সাবেক জেলা সভাপতি গুরুতর আহত | হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াত প্রার্থীর
শেরপুর প্রতিনিধি |
শেরপুরের চরপক্ষীমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগে বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার দুপুরে ইউনিয়নের ডাকপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করছিলেন।
শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,
আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন। আমি পুলিশের কাছে দাবি জানাচ্ছি এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চরপক্ষীমারী ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইউনিয়নে বিএনপির দুইজন সম্ভাব্য প্রার্থী থাকায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জামায়াত প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার ঘটনা।
এর আগে টাকিমারী এলাকায় বিএনপি সমর্থকদের হামলায় পোড়াদোকান জামে মসজিদের ইমাম আহত হন। এছাড়া শিমুলতলী বাজারে জামায়াতের কয়েকজন সমর্থক দোকানে বসলে বিএনপি কর্মীরা সেখানে উত্তেজনা সৃষ্টি করে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন চরপক্ষীমারীতে “অসহিষ্ণু রাজনীতি”র সংস্কৃতি ভয়াবহ রূপ নিচ্ছে।
ভিন্নমত প্রকাশ এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গণতন্ত্র মানে তো মতের ভিন্নতা, কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে একদলই ঠিক, বাকিরা ভুল, বলেছেন এক স্থানীয় প্রবীণ নাগরিক।
এ বিষয়ে চরপক্ষীমারী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।