জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এককভাবেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক সমঝোতা বা জোটের প্রশ্নটি এখনো উন্মুক্ত থাকলেও তা কেবল আদর্শিক সমন্বয় ও জুলাই সনদের সংস্কারমূলক দাবির সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে হতে পারে।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহিদ ‘জুলাই-যোদ্ধা’ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,
এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছি। এই মাসের ১৫ তারিখের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।”
তিনি জানান, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যেসব এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী’ আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজন রয়েছে, সেসব আসনে প্রার্থী না দেওয়ার বিষয়টি দল বিবেচনা করছে।
আমরা চাই সংসদে এমন মানুষ যাক, যারা এলাকায় জনগণের কাছে গ্রহণযোগ্য, যাদের কাছে মানুষ কষ্টে-সুখে যায়, টাকা বা প্রভাব-প্রতিপত্তির ভিত্তিতে প্রার্থী বাছাই নয়।”
এ সময় জুলাই-যোদ্ধাদের চিকিৎসা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গাজী সালাউদ্দিনের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করা ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, তবে সেটি যথাযথভাবে পালন করা হয়নি।
জুলাই-যোদ্ধাদের অনেকেই এখনও আহত অবস্থায় চিকিৎসার অপেক্ষায় আছেন। তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখনই জরুরি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী উত্তাপের মধ্যে শহীদ ও আহতদের ত্যাগ যেন বিস্মৃত না হয়।
তিনি সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান,
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফলতার পেছনে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, রাষ্ট্র এবং রাজনীতি উভয়ের দায়িত্ব তাদের প্রতি নৈতিক ঋণ রক্ষা করা।