সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর, বুধবার:
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধরনের হুমকি নেই। তিনি বলেন, নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও বিশ্বাসযোগ্য করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ সরবরাহ এবং সেচ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এটির জন্য নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসাথে কাজ করবে। নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধরণের হুমকি নেই।
তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচন প্রক্রিয়ার প্রতি আগ্রহী হয়, তাহলে নির্বাচন-বিরোধী অপতৎপরতা কোনোভাবেই সফল হবে না। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের ব্যাপারে সতর্কতা
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব দলের নেতাকর্মীরা জামিনে রয়েছেন এবং নির্বাচনকে সামনে রেখে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
গুজব মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা
তিনি জানান, অনেক সময় পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন সূত্র থেকে গুজব ছড়ানো হয়।
সত্য তথ্য জনগণের সামনে উপস্থাপনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ
মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান জোরদার অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ সামাজিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে এবং এগুলো নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
সভায় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন অনুষ্ঠানে অংশ নেন।